জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত
২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রোববার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা করা শুরু হবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে।
গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি। সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো: মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ছাদেক আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, ঢাকা রেসিন্ডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মো: মহিউদ্দিন, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোহাম্মদ নিয়ামতুল্লাহ, সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার প্রভাষক মো: জমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।