অষ্টগ্রামে আইনজীবী ও মতলবে গৃহবধূ নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছেন। এ ছাড়া চাঁদপুরের মতলব দক্ষিণে নিহত হয়েছেন একজন গৃহবধূ।

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কের ভাতশালা এলাকায় পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুর জজ কোর্টের এডিশনাল পিপি আইনজীবী মিজানুর রহমান মারা গেছেন। দুর্ঘটনায় আরো তিন আইনজীবী ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

গত শুক্রবার দুর্ঘটনার পর গুরুতর আহত মিজানুর রহমানকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবরটি নিশ্চিত করেছেন বাজিতপুর থানার ওসি মো: শহিদুল্লাহ। আহত আইনজীবী মকবুল হোসেন কাজল, ইকবাল হোসেন, মহসিন রেজা ও অটোরিকশাচালক স্বাধীন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা জানান, খালা শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে যাওয়ার সময় বাসচাপায় প্রাণ হারালেন ভাগিনা বউ সাদিয়া আক্তার (২৬)। এতে ইজিবাইকের চালকসহ আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বাস চালক কাউসারকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার সকাল ৬টার দিকে মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির সামনে ঢাকাগামী জৈনপুর পরিবহন (ঢাকা-মেট্টো-ব- ১১-৪০৪৩) বাস সার্ভিসের চাপায় ইজিবাইকের ওই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত চারজন হলেন, উপজেলার নায়েরগাঁও এলাকার ইজিবাইক চালক রোমান হোসেন (৪৫), খাদেরগাঁও ইউনিয়নের ওই ঘিলাতলী গ্রামের গাজী বাড়ির খোরশেদা বেগম (৫৮), জিলানী (২৮) ও পারভীন (৪০)। এরা দুর্ঘটনায় নিহত সাদিয়ার শাশুড়ি, দেবর ও স্বামীর বড় বোন। সাদিয়ার স্বামী সৌদি প্রবাসী ইসমাইল হোসেন। তার ৪ বছরের এক কন্যা সন্তান আছে।