বরিশালে বিসিআইসির গুদামের উদ্বোধন

সার নিয়ে গুজব না ছড়িয়ে তথ্য যাচাইয়ের আহ্বান

Printed Edition

বরিশাল ব্যুরো

কৃষকদের কাছে সময়মতো ও সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গুদামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই গুদাম চালুর ফলে বরিশাল অঞ্চলে সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনা আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গতকাল শনিবার বেলা ১টায় আয়োজিত অনুষ্ঠানে বাফার গুদামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মো: মাহমুদুর রহমান। এতে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওবায়দুল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক) ও পরিচালক (উৎপাদন ও গবেষণা) (অতিরিক্ত দায়িত্ব) যুগ্মসচিব মো: মনিরুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) মু. খায়রুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান (বিপণন) মো: মঞ্জুর রেজা, বরিশাল বাফার গুদামের ইনচার্জ শাহ আলম গাজী, বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোসাম্মাৎ মরিয়ম, উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিকসহ সার ডিলাররা।

ড. মো: মাহমুদুর রহমান বলেন, কৃষকদের কাছে সময়মতো এবং সুষ্ঠুভাবে সার পৌঁছে দেয়া সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সার সরবরাহ ব্যবস্থাকে আরো কার্যকর, সুশৃঙ্খল ও সমন্বিত করার লক্ষ্যে বিসিআইসি কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানে কোথাও সার নিয়ে কোনো সমস্যা বা ঘাটতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। একই সাথে সার নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে কৃষকদের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি না করার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের গুদামগুলোতে প্রচুর পরিমাণ সার মজুদ রয়েছে। বরিশালে উদ্বোধন করা নতুন বাফার গুদামটির ধারণক্ষমতা তিন হাজার মেট্রিক টন।

তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সারসংক্রান্ত কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য যাচাই করে নেয়া জরুরি। সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হলে কৃষকদের মধ্যে বিভ্রান্তি দূর হবে এবং সার সরবরাহ ব্যবস্থার প্রতি আস্থা আরো বাড়বে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওবায়দুল্লাহ বলেন, কৃষকদের স্বার্থে সার সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সঙ্কট সৃষ্টি হলে তা কঠোরভাবে নজরদারি করা হবে। বাফার গুদামের কার্যক্রমের মাধ্যমে বরিশাল অঞ্চলে সার ব্যবস্থাপনা আরো গতিশীল ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।