প্যারিসে পিনাকীর সাথে ইনকিলাব মঞ্চের মতবিনিময়

Printed Edition

ফ্রান্স প্রতিনিধি

শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও ন্যায়বিচারের দাবিতে ইউরোপজুড়ে চলমান ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে ফ্রান্সের রাজধানী প্যারিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পশ্চিম প্যারিসের একটি হোটেলের বলরুমে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের সাথে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় মিলিত হন ‘ইনকিলাব মঞ্চ ইউকে’র নেতারা।

সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে এবং সাংবাদিক তৌহিদুল করিম মুজাহিদের সঞ্চালনায় সভায় শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিতকরণ, বিচারব্যবস্থার প্রতি আস্থা গঠন ও রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেয়া হয়। ইউরোপে বসবাসরত প্রবাসীদের মাধ্যমে এ সংক্রান্ত সচেতনতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিকে সংগঠিত ও দায়িত্বশীলভাবে এগিয়ে নেয়ার ওপর জোর দেন বক্তারা।

আলোচনায় পিনাকী ভট্টাচার্য ন্যায়বিচারের দাবিগুলোকে দেশে-বিদেশে সমন্বিত ও শান্তিপূর্ণভাবে পরিচালিত করার আহ্বান জানান। একইসাথে জনমত গঠনে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের তাগিদ দেন তিনি। সভায় ইনকিলাব মঞ্চ ইউকের সদস্যসচিব রফিক হান্নান, নর্থ ইংল্যান্ডের আহ্বায়ক আবদুল বাসেতসহ বিভিন্ন সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে প্রবাসে চলমান কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।