প্রতিশ্রুতি রাখলেন কুকুরেয়া

Printed Edition
khela-4
প্রতিশ্রুতি রাখলেন কুকুরেয়া

ক্রীড়া ডেস্ক

স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্ক কুকুরেয়া কথা রেখেছেন। জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের প্রতি দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী নিজের শরীরে তার ছবি উল্কি করিয়েছেন স্পেনের এই ডিফেন্ডার।

চলতি মাসে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। সেই সাফল্যের পর কুকুরেয়া জানিয়েছিলেন, দলকে বিশ্বকাপ জেতানো কোচ দে লা ফুয়েন্তের একটি ছবি তিনি শরীরে উল্কি হিসেবে আঁকাবেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই উল্কির ছবি ও ভিডিও প্রকাশ করেন কুকুরেয়া। উল্কিতে দে লা ফুয়েন্তেকে হাতে বিশ্বকাপ ট্রফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির নিচে রয়েছে ২৬ নম্বর, যা কুকুরেয়ার জার্সি নম্বর। উল্কির ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘প্রতিশ্রুতি রাখা হয়েছে’।

বিশ্বকাপের ফাইনালের পর কুকুরেয়ার প্রতিশ্রুতি নিয়ে রসিকতা করেছিলেন দে লা ফুয়েন্তে। তিনি বলেছিলেন, কুকুরেয়া সত্যিই প্রতিশ্রুতি রাখবেন কি না, তা নিয়ে তার সন্দেহ ছিল। তবে শেষ পর্যন্ত শিষ্য কথা রাখায় গর্বিত কোচ।

বিশ্বকাপজুড়েও কুকুরেয়ার কিছু বিষয় আলোচনায় ছিল। সৌভাগ্যের প্রতীক হিসেবে তিনি সাথে রেখেছিলেন স্ত্রীর পরা একটি পায়জামার ওপরের পোশাক। আর নিজের পরিচিত লম্বা ও কোঁকড়ানো চুল নিয়েও মজার কারণ জানিয়েছিলেন তিনি। কুকুরেয়ার ভাষ্য, মাঠে যেন তার সন্তান সহজেই তাকে চিনতে পারে, সে কারণেই তিনি এভাবে চুল ধরে রেখেছেন।