সমর্থন পেতে ৪ কোটি ডলারের প্রস্তাব

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক অধিকার থেকে অংশীদারত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনায় সদস্য দেশগুলোর সমর্থন পেতে চার কোটি ডলার দেয়ার প্রস্তাব দিয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২১১টি সদস্য সংস্থার কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব তুলে ধরেছেন।

পরিকল্পনায় সমর্থন জানালে সদস্য দেশগুলো প্রাথমিকভাবে দুই কোটি ডলার পাবে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ইতিবাচক সাড়া দিতে হবে। ফিফা জানিয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে অর্থ পাওয়া যাবে। এই অর্থ আসবে ফিফার বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’-এর সংখ্যালঘু অংশীদারত্ব বিক্রি থেকে।

ফিফা বিশ্বকাপসহ তাদের প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়। এতে বাইরের বিনিয়োগকারীরা অংশীদারত্ব কিনতে পারবেন। ফিফার দাবি, এই পরিকল্পনা থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার পর্যন্ত আয় হতে পারে।

তবে পরিকল্পনাটি প্রকাশের পর থেকেই ফুটবল বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা বলেছে, ফিফা ‘একটি সীমা অতিক্রম করেছে’। সংগঠনটি ৫৫ সদস্যকে নিয়ে জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে। বয়কটের সম্ভাবনাও আলোচনায় আসতে পারে।

উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ, এশিয়ান ফুটবল কনফেডারেশন ও ফরাসি ফুটবল ফেডারেশনও ফিফার প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস অভিযোগ করেছেন, ইনফান্তিনো আগামী মার্চের ফিফা কংগ্রেসের আগে ভোট কিনতে চাইছেন।

ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারও পরিকল্পনার সমালোচনা করে বলেছেন, কারোই ফুটবলকে বিক্রি করার অধিকার নেই।