৯০তম জন্মদিনে উইন্ডিজের ৯০ রানের জয় সোবার্সকে উৎসর্গ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বার্বাডোজে নিজ বাসভবন গত ১৭ জুলাই ৮৯ বছর বয়সে মারা যান ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স। আর গতকাল ছিল এই কিংবদন্তির জন্মদিন। তবে এদিন কোনো উৎসব ছিল না, বরং ছিল তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাকে স্মরণের নানা আয়োজন। অ্যান্টিগায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সদর দফতরে শোক বই উন্মুক্ত ছিল জনসাধারণের জন্য। এমন দিনেই গোটা ক্যারিবিয়ায় আনন্দের উপলক্ষ এনে দিলেন সোবার্সের উত্তরসূরীরা। দুই টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় আদায় করে নিলেন উইন্ডিজ। আর এই জয়কে সদ্যপ্রয়াত কিংবদন্তিকে উৎসর্গ করে অধিনায়ক রোস্টন চেস বললেন, ‘আজকে তার বয়স হতো ৯০ বছর, আমরা জিতলাম ৯০ রানে। এটা তার জন্যই নির্ধারিত ছিল।’
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩১১ রানে থেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে চমৎকার ব্যাটিংয়ে জবাব দিলেও শেষ দিকে জাস্টিন গ্রেভসের রেকর্ড গড়া বোলিংয়ে ২৮২ রানেই থেমে গিয়েছিল পাকিস্তান। প্রথম ইনিংসে ২৯ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ আব্বাসের ৬ উইকেটের সুবাদে উইন্ডিজকে ১৮১ রানেই অলআউট করে পাকিস্তান।
ফলে ম্যাচ জিততে হলে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২১১ রান। কিন্তু ৫ উইকেট নেয়া জেডেন সিলসের দুর্দান্ত বোলিংয়ে ১২০ রানেই অলআউট হয় পাকিস্তান। এক পর্যায়ে তাদের রান ছিল ৯ উইকেটে ৭১। শেষ জুটিতে কিছুটা লড়াই করে ৪৯ রান যোগ করে পরাজয়ের ব্যবধান খানিকটা কমিয়ে আনেন বাবর আজম ও মোহাম্মাদ আব্বাস। আর পাকিস্তানি ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেন কেবল তিন ব্যাটার। আব্বাসের ব্যাটে ২৩ ও ১১ রান করেন মোহাম্মদ রিজওয়ান। এক প্রান্ত আগলে রেখে দলের ব্যাটারদের আসা যাওয়া দেখে ৫৮ রান নিয়ে অপরাজিত থাকলেও কিছুই করার ছিল না অধিনায়ক বাবর আজমের। ম্যাচসেরা হন জাস্টিন গ্রেভস।