রংপুরে শোকর্যালি
হাদির খুনিদের ফেরত না দিলে ভারতের সাথে সম্পর্ক ছিন্নের হুমকি
Printed Edition
রংপুর ব্যুরো
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুরে সর্বদলীয় প্রতিরোধ যাত্রা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যাকারীদের দেশে ফিরিয়ে না দিলে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন এবং সেভেন সিস্টার আলাদা করার হুঁশিয়ারি দেন জুলাই অভ্যুত্থানের নেতারা।
গতকাল শুক্রবার বেলা আড়াইটায় নগরীর জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত প্রতিরোধ সমাবেশে এই ঘোষণা দেয়া হয়। জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী লীগের সহায়তায় পরিকল্পিতভাবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তারা বলেন, জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতাদের টার্গেট করে হত্যা করে মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের পথ রুদ্ধ করার ষড়যন্ত্র চলছে।
এনসিপি ও ছাত্রনেতারা অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। তারা বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে ব্যর্থ হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে একটি প্রতিরোধ যাত্রা জুলাই স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয়ে ডিসির মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে নগরী মুখরিত হয়ে ওঠে।