গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে : খেলাফত মজলিস

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা বলেছেন, গণভোটে দেশের মানুষ সংবিধান সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার পরও বিজয়ী দল বিএনপি ও জোট শরিক সংসদ সদস্যরা সংস্কার পরিষদে শপথ গ্রহণ না করে জনআকাক্সক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে অবমূল্যায়ন করার শামিল। গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত সংবিধান সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক নির্বাহী বৈঠকে এ কথা বলা হয়।

বৈঠকে নেতারা বলেন, বিএনপিকে ভুলে গেলে চলবে না যে, জুলাই গণ-অভ্যুত্থানে হাজারো শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের আত্মত্যাগের বিনিময়েই তারা আজকে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। কোনোরূপ টালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংস্কার কার্যক্রম থেকে সরে আসা শহীদের রক্তের সাথে বেঈমানী করার নামান্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বৈঠকে বলা হয়, নারায়ণগঞ্জ-৫ ও খুলনা-৪ আসনসহ যেসব স্থানে অনিয়ম হয়েছে, সেখানে অবিলম্বে ভোট পুনর্গণনা করতে হবে। এসব অনিয়মের প্রমাণসহ খেলাফত মজলিস উচ্চ আদালতে রিট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৈঠকে আশা প্রকাশ করা হয় যে, আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন।

মাহে রমজানে কয়েকটি দাবি উত্থাপন

এসব দাবির মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। রমজানের পবিত্রতা বিনষ্টকারী সব ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকতে হবে।

বৈঠকে নির্বাচনের সার্বিক দিক পর্যালোচনার জন্য একটি ‘জাতীয় নির্বাচন পর্যালোচনা কমিটি’ গঠন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- সংগঠনের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক; যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, এ বি এম সিরাজুল মামুন, অধ্যাপক আবদুল জলিল, ডা: এ এ তাওসিফ; সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরুসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা।