চট্টগ্রামে অর্থমন্ত্রীর সভা

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণগুলো চিহ্নিত করে ব্যবস্থা শিগগির

Printed Edition

বিশেষ সংবাদদাতা চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরকে ঘিরে যাতে কোনো পণ্যের দাম না বাড়ে এবং রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পায় এমন কিছু না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের বাসভবনে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীসহ সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বন্দরকে ঘিরে এমন কিছু রয়েছে যা পণ্যের দাম বাড়াচ্ছে, যা বহন করছে সাধারণ মানুষ। তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির কারণগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়ারও কথা বলেন।

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে এসব সমস্যা শিঘ্রই সমাধান হবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বন্দরকে আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বন্দরের ট্যারিফ যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানানো হয় অংশগ্রহণকারীদের প থেকে।

বৈঠকে চট্টগ্রামের মেয়র ডা: শাহাদাত হোসেনসহ চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন পর্যায়ের ব্যবহারকারীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল সকালে চট্টগ্রামে পৌঁছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। তিনি বলেন, এখানে বিনিয়োগের অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদের যেতে হবে। পোর্টের কার্যক্রম আরো উন্নততর করতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক পরিকল্পনা আছে। এগুলো তো এক কথায় বলা যাবে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান।

অর্থমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথম চট্টগ্রামে আসার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ ভালো লাগছে। আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। একটি নির্বাচিত সংসদ, সরকার হয়েছে। বাংলাদেশের মানুষের আশা, আকাক্সা, প্রত্যাশা পূরণে আমাদের সবাই মিলে কাজ করতে হবে। চট্টগ্রামের উন্নয়নে কাজ করতে হবে।