আবু সাঈদ স্ট্যান্ড নিয়ে বিসিবির ব্যাখ্যা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
একটি ব্যানার, একটি ফেসবুক পোস্ট-তারপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা! মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শহীদ আবু সাঈদের নামে করা স্ট্যান্ডের ব্যানার সরিয়ে দেয়া হয়েছে, এমন দাবিকে কেন্দ্র করে দুদিন আগে থেকে তৈরি হয় নানা প্রশ্ন। বিষয়টি রাজনৈতিক আলোচনাতেও জায়গা করে নেয়। তবে বিসিবির বক্তব্যে সেই বিতর্কে এসেছে ভিন্ন মোড়। বিসিবির দাবি, আবু সাঈদ স্ট্যান্ডের নাম বাদ দেয়া বা পরিবর্তনের কোনো সিদ্ধান্তই তারা নেয়নি।
সাবেক ক্রীড়া উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ৫ আগস্টের পর শহীদ আবু সাঈদের নামে করা গ্যালারির ব্যানার সরিয়ে দিয়েছে বর্তমান বিসিবি প্রশাসন। তার সেই পোস্ট ছড়িয়ে পড়ার পরই শুরু হয় আলোচনা। রাজনৈতিক নেতা ও বিভিন্ন মহলের ব্যক্তিরাও বিষয়টি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান।
কিন্তু বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবিও ছড়িয়ে পড়ে, যেখানে আবু সাঈদ স্ট্যান্ডের ব্যানারকে আগের জায়গাতেই দেখা যায়। এরপর সামনে আসে আরেক ব্যাখ্যা-বৃষ্টিতে ব্যানার ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি খুলে নতুন ব্যানার লাগানোর প্রস্তুতি চলছিল। সমালোচনার পর সেটি আবার লাগানো হয়েছে বলেও দাবি করা হয়। বিসিবি পরিচালক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর অবশ্য এমন কোনো ঘটনার কথা স্বীকার করেননি। তার দাবি, ব্যানার সরানোই হয়নি। তিনি বলেন, ‘এটা (আবু সাঈদ স্ট্যান্ডের ব্যানার) এখন স্বশরীরে গিয়ে দেখা উচিত। এটা সরানো হয়নি।’
বিষয়টি যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটিও প্রশ্নের বাইরে রাখছেন না বিসিবির এই পরিচালক, ‘এটা তো সরানো সম্ভব না। এই যে প্রোপাগান্ডা যেভাবে ছড়ায় তারা, এটা তো খুবই অস্বাভাবিক। কালকে একজন পোস্ট দেয়ার পরে দেখলাম আরও ১৫টা পোস্ট আসছে।’
এরপর গতকাল আনুষ্ঠানিক বিবৃতিতে নিজেদের অবস্থান আরও পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, বর্তমান প্রশাসন আবু সাঈদ স্ট্যান্ডের নাম পরিবর্তন কিংবা বাদ দেয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। শুধু মিরপুরের এই স্ট্যান্ড নয়, দেশের আন্তর্জাতিক ভেন্যুগুলোর অন্য স্ট্যান্ডের নাম নিয়েও এমন কোনো সিদ্ধান্ত হয়নি। বিসিবি আরও জানিয়েছে, আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে স্ট্যান্ডগুলোর আনুষ্ঠানিক নাম নিয়মিতভাবে প্রদর্শন করা হয়। বর্তমান বোর্ড দায়িত্ব নেয়ার পর মিরপুরে তিনটি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে। এসব ম্যাচে আবু সাঈদ স্ট্যান্ডসহ সব স্ট্যান্ডের নাম দর্শকদের জন্য দৃশ্যমান ছিল। টেলিভিশন সম্প্রচার, ম্যাচের টিকিট এবং বিভিন্ন প্রচারণামূলক উপকরণেও নামগুলো ব্যবহার করা হয়েছে।