দুর্নীতের বিরুদ্ধে জিরো টলারেন্স ও সিন্ডিকেটের কবলে না পড়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
নতুন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল তার মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত রাখতে চান এজন্য দুর্নীতির বিরুদ্ধে জিরো টোলারেন্স ঘোষণা করেছেন তিনি। গতকাল প্রথম দিন অফিসে বসে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সিন্ডিকেটের কথা বলা হয়। কিন্তু আমরা কোনো সিন্ডিকেটের কবলে পড়ব না, এখানে কোনো সিন্ডিকেট হতেও দেয়া হবে না। এ সময় তিনি সাংবাদিকদের দুর্নীতিকে জিরো করতে তাকে সমর্থন দেয়ার জন্য বলেন।
নতুন এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্নীতি দূর করার পাশাপাশি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) রাখতে চাই। সবাইকে দায়বদ্ধ করতে চাই। জনগণের কল্যাণে যে যা করার দরকার সবই করতে চাই। বর্তমানে স্বাস্থ্যে যে অর্গানোগ্রামটা (কাঠামো) রয়েছে সেই অনুযায়ী শতভাগ সেবা আমরা জনগণকে দিতে চাই। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যে সমস্যার কথা বললেন, সে গুলোর গভীরতা কতটুকু রয়েছে বাস্তবতার নিরিখে গভীরভাবে তলিয়ে দেখতে হবে।
দুপুরে লাঞ্চের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিছু কাঠামোগত উন্নয়ন করতে চাই জনগণকে কোয়ালটি সার্ভিস দেয়ার জন্য। আমরা স্বাস্থ্যের সব সুযোগ-সুবিধা গ্রামীণ মানুষের কাছে নিয়ে যেতে চাই, যাতে তারা সহজেই স্বাস্থ্য সুবিধা পান।
তিনি বলেন, যারা চিকিৎসার জন্য বিদেশ যেতে চায় তাদেরকে তো আমরা বিদেশ যাওয়া বন্ধ করতে পারবো না। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে যে চিকিৎসা নেই তা বলবো না। অনেক ক্ষেত্রে রোগীদের চাহিদা অনুযায়ী সুযোগ-সুবিধা বাংলাদেশে নেই বলে তারা বিদেশ চলে যান চিকিৎসা নিতে। তাই দেশের মেডিক্যাল ফ্যাসিলিটিজ আরো বাড়তে হবে। এর আগে কাউকে বাইরে যেতে দেব না, এমন বলা ঠিক হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি অনেক কিছুর ইঙ্গিত দিয়ে রেখেছেন। তার নির্দেশনা অনুযায়ী, প্রশংসিত কিছু করতে চাই।