সংসদে মন্ত্রীর বিবৃতি
বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কিছু জায়গায় লোডশেডিং থাকবে
Printed Edition
সংসদ প্রতিবেদক
বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংসদকে জানিয়েছেন, দেশে সোমবার বিদ্যুতের চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সে জন্য সচেষ্ট আছি। গতকালকে খারাপ ছিল, আজকে সেখান থেকে উত্তোরণ করতে পেরেছি।’
গতকাল সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে এ কথা জানান বিদ্যুৎমন্ত্রী। এর আগে গত রোববার ৩০০ বিধিতে দেয়া বক্তব্যে মন্ত্রী জানিয়েছিলেন কারিগরি ত্রুটির কারণে দেশের দু’টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। তাই বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং দিতে হবে। তবে তিনি বিদ্যুৎকেন্দ্র দু’টির নাম উল্লেখ করেননি।
বিদ্যুৎকেন্দ্র দুটোতে সোমবার থেকে উৎপাদন শুরু হয়েছে বলে দাবি করে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের বিদ্যুতের দুটো পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে গতকালকে লোডশেডিং দিতে হয়েছিল। আল্লাহর রহমতে আজকে আনন্দের সাথে জানাতে পারি, এখন আমাদের উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াট, কিন্তু চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। এখন লোডশেডিং হবে ৩৩৯ মেগাওয়াট।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি ৩৩৯ মেগাওয়াট কমিয়ে নিয়ে আনার জন্য। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সে জন্য সচেষ্ট আছি। গতকালকে খারাপ ছিল, আজকে সেখান থেকে উত্তোরণ করতে পেরেছি।