রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৬ পদ শূন্য

সেবাবঞ্চিত দুই লক্ষাধিক মানুষ

Printed Edition

এনামুল হক রাজাপুর (ঝালকাঠি)

রাজাপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ মোট ৮৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এতে উপজেলার দুই লক্ষাধিক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, অনুমোদিত ১৮১টি পদের মধ্যে ১৯ জন চিকিৎসক, ৭ জন দ্বিতীয় শ্রেণীর, ৪২ জন তৃতীয় শ্রেণীর এবং ১৭ জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদ শূন্য রয়েছে। অনেক পদ ১০ থেকে ১৫ বছর ধরে খালি রয়েছে। ৫০ শয্যায় উন্নীত করা হলেও জনবল সঙ্কটে কাক্সিক্ষত সেবা মিলছে না।

হাসপাতালে অপারেশন থিয়েটার স্থাপন ও আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হলেও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এক্স-রে মেশিন থাকলেও মেডিক্যাল টেকনোলজিস্টের পদ দীর্ঘদিন শূন্য থাকায় রোগীদের স্থানীয় ক্লিনিকে অতিরিক্ত খরচে পরীক্ষা করাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, জরুরি বিভাগে চিকিৎসক না থাকায় কখনো কখনো ওয়ার্ড বয় বা অন্যান্য কর্মচারীর মাধ্যমে প্রাথমিক সেবা দেয়া হয়। এতে সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

শূন্য চিকিৎসক পদের মধ্যে বিভিন্ন বিষয়ে জুনিয়র কনসালট্যান্ট, সহকারী সার্জন ও ডেন্টাল সার্জনের পদ রয়েছে। পাশাপাশি নার্সিং সুপারভাইজার ও সিনিয়র স্টাফ নার্সসহ গুরুত্বপূর্ণ পদও খালি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবুল খায়ের মাহমুদ রাসেল জানান, বর্তমানে মাত্র তিনজন চিকিৎসক দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিগগিরই আরো ৬ থেকে ৭ জন চিকিৎসক যোগদানের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, জনবল সঙ্কটসহ বিভিন্ন সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত শূন্য পদ পূরণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।