ইসরাইলকে স্বীকৃতি দেবে না মালয়েশিয়া
Printed Edition
মিডল ইস্ট মনিটর
যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ থাকা সত্ত্বেও ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেয়ার দীর্ঘ দিনের সিদ্ধান্তে অটল রয়েছে মালয়েশিয়া। মার্কিন কংগ্রেসের সদস্যরা কুয়ালালামপুরের সাথে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানানো সত্ত্বেও নিজেদের এই নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান জানান, সাম্প্রতিক সময়ে মার্কিন পররাষ্ট্র দফতর ওয়াশিংটনে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মুহাম্মদ শাহরুল ইকরাম ইয়াকুবকে তলব করেছিল। সেখানে মালয়েশীয় রাষ্ট্রদূত বিষয়টি স্পষ্ট করে কুয়ালালামপুরের অবস্থান তুলে ধরেছেন।
মোহামাদ হাসান বলেন, ইসরাইল নিয়ে মালয়েশিয়ার এই অবস্থান নতুন কোনো বিষয় নয় বা সাম্প্রতিক কোনো ঘটনার প্রতিক্রিয়াও নয়। বরং শুরু থেকেই একের পর এক মালয়েশীয় সরকার এই সরকারি নীতি অনুসরণ করে আসছে।