রাকিবকে চেয়ে পায়নি ফর্টিস
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ফর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ এফসি। এশিয়ার ক্লাব ফুটবলের তৃতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশ নিতে দুই ক্লাবই এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। আগামী ১১ আগস্ট ঢাকার কিংস অ্যারেনায় ফর্টিসের প্রতিপক্ষ কিরগিজস্তানের লিগ রানার্সআপ মুরাস ইউনাইটেড। অন্যদিকে জর্দানের আম্মানে সিরিয়ার লিগ চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদ আহলি ক্লাবের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ।
ফর্টিস ইতোমধ্যে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং থেকে তিনজন ফুটবলার দলে ভিড়িয়েছে। পাশাপাশি চ্যালেঞ্জ লিগকে সামনে রেখে আটজন বিদেশী ফুটবলারকে দলে নিয়েছে ক্লাবটি। তাদের মধ্যে দুইজন জাপানি ফুটবলার রয়েছেন, যারা শুধুমাত্র এই টুর্নামেন্টের জন্যই খেলবেন। তবে দল গঠনে সবচেয়ে বড় আক্ষেপ বসুন্ধরা কিংসের তারকা উইঙ্গার রাকিব হোসেনকে না পাওয়া। ঢাকায় অনুষ্ঠেয় ম্যাচটির জন্য রাকিবকে চেয়ে বসুন্ধরা কিংসের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছিল ফর্টিস। কিন্তু সেই চিঠির কোনো জবাব মেলেনি।
ফর্টিস এফসির সভাপতি শাহীন হাসান জানান, ‘আমরা রাকিবকে চেয়ে কিংস কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো জবাব পাইনি। এখন যারা আছে, তাদের নিয়েই খেলব।’
এদিকে বসুন্ধরা কিংস সূত্রে জানা গেছে, রাকিব খেলতে আগ্রহী থাকলেও ক্লাবের পক্ষ থেকে তাকে অনুমতি দেয়া হয়নি। অন্যদিকে, জর্দানে খেলতে যাওয়া বাংলাদেশ পুলিশ এফসি ছয় বিদেশী ফুটবলার নিয়ে দল গড়ার পরিকল্পনা করছে।