জিদান ফ্রান্সের নতুন কোচ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
জিনেদিন জিদানকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী কোচ দিদিয়ের দিশাম ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর ১৪ বছরের দায়িত্ব ছাড়লে প্রধান কোচের পদটি শূন্য হয়। জিদানকে তার স্থলাভিষিক্ত করা হলো।
১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক জিদান ২০২১ সালে দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর আর কোনো দলের দায়িত্ব নেননি। নতুন চুক্তি অনুসারে ৫৪ বছর বয়সী এই কিংবদন্তি ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব পর্যন্ত ফ্রান্সকে নেতৃত্ব দেবেন।
দায়িত্ব গ্রহণের পর জিদান বলেন, ফ্রান্সের কোচ হওয়া তার জন্য অত্যন্ত গর্বের বিষয়।
তিনি বলেন, আমি সবসময়ই বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। এই দলের কোচ হওয়া আমার জন্য আনন্দের এবং একই সাথে বিরাট গর্বের। তিনি আরো বলেন, এটি একটি বড় দায়িত্বও। আমি ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো, নির্বাহী কমিটি এবং পুরো ফেডারেশনকে আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানাই। একই সাথে দিদিয়ের দেশম এবং তার সহকারী দলের ১৪ বছরের অবদানের প্রতিও শ্রদ্ধা জানাই। ফ্রান্স জাতীয় দলকে নিয়ে আমার উচ্চাকাক্সক্ষা অনেক বড়।
ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো জিদানকে ফরাসি ফুটবলের কিংবদন্তি হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, জিনেদিন জিদানকে ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। তিনি ‘লে ব্লু’র ইতিহাসের এক কিংবদন্তি এবং নিজের প্রজন্মের অন্যতম সফল ও সম্মানিত কোচ।
দেশমের অধীনে ফ্রান্স ১৪ বছরে তিনটি বড় আন্তর্জাতিক ফাইনালে খেলেছে এবং ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে।
উয়েফা নেশনস লিগে তুরস্কের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে জিদানের অধীনে ফ্রান্সের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ হবে ২৫ সেপ্টেম্বর।