রংপুরে নতুন কুঁড়ি স্পোর্টস বিজয়ীদের বীরোচিত সংবর্ধনা
Printed Edition
রংপুর ব্যুরো
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরে বালিকা ফুটবল ও বালিকা কাবাডিতে চ্যাম্পিয়ন এবং বালক ক্রিকেট ও বালক কাবাডিতে রানার্স আপ হয় রংপুর বিভাগীয় দল। ছাদ খোলা বাসে না হলেও ট্রাকে করে আনন্দ আয়োজনে মেতে উঠল নতুন কুঁড়ি স্পোর্টসের বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়রা। বিভাগীয় প্রশাসন থেকে দেয়া হলো সংবর্ধনা। সংবর্ধনায় অনূভূতি প্রকাশ করতে গিয়ে বালিকা দলের ক্যাপ্টেন মাথায় ৯টি সেলাই নিয়ে খেলায় অংশ নেয়া অনন্যা খানম পালিচড়া স্টেডিয়ামে ভেঙ্গে যাওয়া গ্লাস ঠিক করে দেয়ার আকুতি জানালেন।
গতকাল মঙ্গলবার বেলা ১টায় নগরীর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম থেকে দু’টি ট্রাকে ওঠেন খেলোয়াড়রা। সেখান থেকে নগরীতে প্রবেশ করেন তারা। ঢোলের তালে তালে রংপুর রংপুর বলে সেøাগান দেন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর-দিনাজপুর মহাসড়ক হয়ে পৌঁছান বিভাগীয় কমিশনার কার্যালয়ে। সেখানে তাদের দেয়া হয় উষ্ণ সংবর্ধনা।
এ সময় উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরপিডিএ) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর ও আশরাফুল ইসলাম, ডিসি মোহাম্মদ রুহুল আমিনসহ বিভাগীয় কর্মকর্তারা।
বিজয়ী ও রানার্সআপ দলের প্রতিটি খেলোয়াড়কে ফুলের মালা পরিয়ে দেন অতিথিরা। তাদের হাতে তুলে দেন গিফট ব্যাগ। মাথায় ৯টি সেলাই নিয়ে খেলে চ্যাম্পিয়ন হওয়া বিভাগীয় বালিকা দলের ক্যাপ্টেন অনন্যা খানমকে দেয়া হয় আর্থিক অনুদান। এ ছাড়াও প্রতিটি দলের কোচ, সহ-কোচ এবং বাস্তবায়ন টিমকেও দেয়া হয় সংবর্ধনা।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে চ্যাম্পিয়ন বালিকা দলের ক্যাপ্টেন অনন্যা বলেন, সবাইকে ব্লেজার দেয়া হয়, আমাদেরকেও ব্লেজার দেয়া হোক। পালিচড়ার স্টেডিয়ামের গ্লাস ভেঙ্গে গেছে র্দীঘদিন হলো। সেটা ভালো না করায় প্রাকটিস করতে গিয়ে আমরা নিরাপত্তাহীন। তাই দ্রুত গ্লাস লাগিয়ে দেয়া হোক। রংপুরবাসীকে বিজয় উৎসর্গ করে অনন্যা বলেন, আমাদের লক্ষ্য ছিল জেতার। পরিশ্রম করেছি। আল্লাহ জিতিয়ে দিয়েছেন। অর্জন জিইয়ে রাখতে পৃষ্ঠপোষকতা চান এই ক্ষুদে ক্যাপ্টেন।