এভোরা কিংবা দিয়াস নামে খেলতে হবে ভোজিনহাকে

Printed Edition

ক্রীড়া ডেস্ক

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বড় চমকের নাম ছিল কেপ ভার্দে। আফ্রিকার দেশটির এই চমকের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক ভোজিনহা। যার পুরো নাম জোসিমার এভোরা দিয়াস। তবে ভোজিনহা নামেই বেশি পরিচিতি ফুটবলবিশ্বে। বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের পর সম্প্রতি চিলির ক্লাব কোলো কোলোতে যোগ দিয়েছেন কেপ ভার্দের গোলপোস্টের নিচে চীনের দেয়াল হয়ে দাঁড়ানো এই গোলরক্ষক। তবে নতুন ক্লাবে এক অনন্য নিয়মের মুখোমুখি হতে হচ্ছে ৪০ বছর বয়সী এই ফুটবলারকে। বিশ্বজুড়ে ভোজিনহা নামে পরিচিত হলেও ক্লাবের জার্সিতে এই নাম ব্যবহার করতে পারেন না তিনি।

গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, চিলিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএনএফপির কড়া নিয়মের কারণেই এটি সম্ভব হচ্ছে না। চিলিয়ান চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় জার্সিতে ডাকনাম, ছদ্মনাম বা সাঙ্কেতিক নাম ব্যবহার করতে পারবেন না। জার্সির পেছনে খেলোয়াড়কে অবশ্যই তার বাবার বা মায়ের পারিবারিক নাম ব্যবহার করতে হবে। চাইলে মূল নামের প্রথম অক্ষর যোগ করা যাবে। তাই ভোজিনহাকে তার নাম থেকে বেছে নিতে হবে এভোরা কিংবা দিয়াস।