জুটি বাঁধছেন জোকোভিচ-সাবালেঙ্কা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্ব টেনিসের দুই তারকা নোভাক জকোভিচ ও আরিনা সাবালেঙ্কা আসন্ন ইউএস ওপেনের মিশ্র দ্বৈত বিভাগে জুটি বেঁধে খেলবেন। গত বছর নতুনভাবে সাজানো এই প্রতিযোগিতায় এবারো বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় দর্শকদের আগ্রহ আরো বেড়েছে।

নিউ ইয়র্কে ২৫ আগস্ট শুরু হবে দুই দিনের এই প্রতিযোগিতা। গত বছর ইউএস ওপেন মিশ্র দ্বৈত ইভেন্টের সূচি ও প্রতিযোগিতা পদ্ধতিতে বড় পরিবর্তন আনে। মূল একক প্রতিযোগিতা শুরুর আগেই মিশ্র দ্বৈত আয়োজন করা হয়।

এবারো বেশ কয়েকটি আলোচিত জুটি কোর্টে নামতে যাচ্ছে। ব্রিটেনের জ্যাক ড্রাপার আবারো যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলার সাথে খেলবেন। গত বছর তারা সেমিফাইনালে উঠেছিলেন। এছাড়া পোল্যান্ডের ইগা সোয়ইতেক ও নরওয়ের ক্যাসপার রুড, যারা গতবার রানার্সআপ হয়েছিলেন, তারাও পুনরায় জুটি গড়েছেন। অন্যান্য সম্ভাব্য জুটির মধ্যে রয়েছেন জাপানের নাওমি ওসাকা ও কেই নিশিকোরি, যুক্তরাষ্ট্রের টেনলর ফ্রিটস ও কাজাখস্তানের এলেনা রিবাকিনা। পাশাপাশি রাশিয়ার মিরা আন্দেভ্রা ও আন্দ্রে রুভলেভ।

তবে পুরুষ এককের বর্তমান দুই শীর্ষ তারকা কর্লোস আলকারেজ ও জানিক সিনার এবার মিশ্র দ্বৈতে নাম লেখাননি। কবজির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আলকারাজ বিশ্রামে রয়েছেন। অন্যদিকে সিনার কানাডিয়ান ওপেন থেকেও নাম প্রত্যাহার করেছেন।

এবারের প্রাথমিক তালিকায় সেরেনা উইলিয়ামসের নাম নেই। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে ওয়াইল্ডকার্ডের মাধ্যমে তার অংশগ্রহণের সুযোগ রয়েছে।

১৭ আগস্ট এন্ট্রি উইন্ডো বন্ধ হওয়ার পর সম্মিলিত একক র‌্যাংকিংয়ের ভিত্তিতে সেরা ছয়টি জুটি সরাসরি মূল পর্বে খেলবে। আরো আটটি জুটি ওয়াইল্ডকার্ড পাবে এবং বাকি দু’টি স্থান নির্ধারিত হবে ২৪ আগস্ট অনুষ্ঠিত বাছাইপর্বের মাধ্যমে।

গত বছর প্রতিযোগিতার নতুন ফরম্যাট নিয়ে সমালোচনা হলেও ইতালির সারা ইরানি ও আন্দ্রে ভাভাসুরি শিরোপা জিতে সমালোচনার জবাব দেন। এবারো তারা শিরোপা ধরে রাখার লক্ষ্যে কোর্টে নামবেন।