অল স্টার ম্যাচে খেলছেন না মেসি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি এবারের মেজর লিগ সকার (এমএলএস) অল স্টার ম্যাচে খেলছেন না। তবে বিশেষ সমঝোতার কারণে তাকে কোনো শাস্তির মুখোমুখি হতে হবে না বলে জানিয়েছে এমএলএস কর্তৃপক্ষ।

উত্তর আমেরিকার অন্যতম আকর্ষণীয় এই প্রদর্শনী ম্যাচে এমএলএস অল স্টার দল মুখোমুখি হবে মেক্সিকোর লিগা এমএক্স অল স্টার দলের। শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে মেসির পাশাপাশি তার বন্ধু রদ্রিগো দি পলও অংশ নেবেন না। ফলে প্রতিযোগিতাটি দুই আন্তর্জাতিক তারকাকে ছাড়াই অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপ শেষে মেসি বর্তমানে নিজ শহর রোজারিওতে পরিবারের সাথে বিশ্রাম কাটাচ্ছেন। শারীরিক পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতে তার ছুটির মেয়াদ বাড়ানোর বিষয়ে ইন্টার মায়ামি ও খেলোয়াড়ের মধ্যে সমঝোতা হয়েছে।

অল স্টার ম্যাচে মেসির অনুপস্থিতি নতুন নয়। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে নতুন যোগ দেয়ায় তিনি দলে ছিলেন না। ২০২৪ সালে কোপা আমেরিকার ফাইনালে পাওয়া গোড়ালির চোট তাকে ছিটকে দেয়। আর ২০২৫ সালে শারীরিক ক্লান্তির কারণে অল স্টার ম্যাচে না খেলায় এমএলএস নিয়ম অনুযায়ী তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়, যা ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস ‘অত্যন্ত কঠোর’ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছিলেন।