কলকাতায় আসছে ব্রাজিল!
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ফিফার নতুন সূচিতে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতিম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। যার মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিশ্চিত হয়েছে দু’টি ম্যাচ। আর অক্টোবরের শুরুতে তৃতীয় প্রীতিম্যাচের জন্য ভেনু ও প্রতিপক্ষ নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতার ম্যাচটি আয়োজনের আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত ভারতের সাথে আলোচনা বেশিদূর এগিয়েছে। প্রতিপক্ষ নিশ্চিত না হলেও ভারতের কলকাতায় এই ম্যাচটি আয়োজনের বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ইএসপিএনের মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়া মাধ্যমের ব্রাজিলভিত্তিক শাখা তাদের প্রতিবেদনে লিখেছে, দু’টি প্রীতিম্যাচ ইতোমধ্যেই চূড়ান্ত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সাথে খেলবে সেলেকাওরা। ২৫ সেপ্টেম্বর সকারুজদের বিপক্ষে টাউন্সভিল শহরে প্রথম প্রীতিম্যাচ। ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দ্বিতীয় প্রীতিম্যাচ খেলবে কার্লো অ্যানচেলোত্তির দল। অক্টোবরের শুরুর দিকে দুই পক্ষের আলোচনা সফল হলে তৃতীয় প্রীতিম্যাচটি হতে পারে ভারতে।
ইএসপিএন জানিয়েছে, ব্রাজিলের ম্যাচ আয়োজনে আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারও; কিন্তু আলোচনা কেবল এগিয়েছে ভারতের সাথে। ম্যাচটি কলকাতায় আয়োজিত হলে তা শহরটির সমৃদ্ধ ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করবে। এর আগে ১৯৭৭ সালে নিউ ইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেনসে খেলে গিয়েছিলেন তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি পেলে।