পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করলেন আইজিপি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
‘খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে। বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে বেশ আগ্রহী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। পুলিশ সদস্যদের ফুটবল খেলা যুব সমাজকে অনুপ্রাণিত করবে। তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি গড়ে তুলবে।’ গতকাল বিকালে ঢাকার পূর্বাচলে প্রায় এক লাখ বর্গফুটের বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো: আলী হোসেন ফকির।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ড শুধু একটি ক্রীড়া অবকাঠামোই নয়, এটি পুলিশ ফুটবল টিমের অন্যতম অনুশীলন কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে ভবিষ্যতে আরও দক্ষ ও মেধাবী খেলোয়াড় তৈরি হবে, যারা বাংলাদেশ পুলিশের পাশাপাশি দেশের সুনামও বৃদ্ধি করবে।
এ উপলক্ষে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে এপিবিএন ২-১ গোলে ডিএমপিকে হারায়।