সিনার-জোকোভিচের নাম প্রত্যাহার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বিশ্বের শীর্ষ দুই টেনিস তারকা ইয়ানিক সিনার ও নোভাক জোকোভিচ কানাডিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করায় খেলোয়াড়দের ব্যস্ত সূচি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। টুর্নামেন্ট পরিচালক ভ্যালেরি তেত্রো মনে করেন, খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ কমাতে আন্তর্জাতিক টেনিস সূচিতে দ্রুত পরিবর্তন আনা জরুরি।
আগস্টের ২ থেকে ১৩ তারিখ পর্যন্ত মন্ট্রিয়লে অনুষ্ঠিতব্য এটিপি মাস্টার্স ১০০০ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন সদ্য উইম্বলডনজয়ী ইতালির জানিক সিনার। তিনি জানান, নিজের শারীরিক সুস্থতাকেই অগ্রাধিকার দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। একইভাবে ২৪টি গ্র্যান্ডস্ল্যামজয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচও এবার খেলবেন না। এ ছাড়া কবজির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় স্পেনের কার্লোস আলকারাজও টুর্নামেন্টে অনুপস্থিত থাকবেন।
এ নিয়ে হতাশা প্রকাশ করে তেত্রো বলেন, টানা দ্বিতীয় বছর সিনার ও জোকোভিচের অনুপস্থিতি অবশ্যই হতাশাজনক। তবে খেলোয়াড়দের সিদ্ধান্তকে তারা সম্মান করেন, কারণ কঠিন সূচির মধ্যে স্বাস্থ্যই সবার আগে।
তবে তিনি সতর্ক করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বড় টুর্নামেন্টের আগে শেষ মুহূর্তে তারকাদের নাম প্রত্যাহারের ঘটনা বাড়ছে, যা পুরো খেলাটির জন্য উদ্বেগের বিষয়। মাস্টার্স ১০০০ প্রতিযোগিতাগুলো এটিপি সফরের অন্যতম মর্যাদাপূর্ণ আসর এবং দর্শকরা স্বাভাবিকভাবেই বিশ্বের সেরা খেলোয়াড়দের দেখতে চান। এ কারণে বিষয়টি নিয়ে এটিপির সাথে আলোচনা চলছে বলে জানান তিনি।
কানাডিয়ান ওপেনের পরই রয়েছে সিনসিনাটি মাস্টার্স, এরপর শুরু হবে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেন। বর্তমানে ৯টি মাস্টার্স ১০০০ টুর্নামেন্টের মধ্যে সাতটিই ১২ দিনের সূচিতে অনুষ্ঠিত হয়। বছরে প্রায় ১১ মাসব্যাপী প্রতিযোগিতার কারণে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। ২০২৪ সালে কার্লোস আলকারাজও ঘন সূচি নিয়ে মন্তব্য করেছিলেন, “এভাবে চলতে থাকলে তারা একদিন আমাদের শেষ করে দেবে।”