নতুন ক্লাবে ভোজিনহা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সবচেয়ে বড় চমক ছিল নবাগত কেপ ভার্দে। ‘এইচ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্যভাবে রুখে চমকের শুরুটা করেছিল পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার আফ্রিকার দেশটি। পরের ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে ২-২ গোলে রুখে দেয়া। আর গ্রুপের শেষ ম্যাচে এশিয়ার অন্যতম শক্তিশালী দল সৌদি আরবকেও গোলশূন্য রুখে কোনো ম্যাচ না জিতে অপরাজিত থেকে নকআউটে জায়গা করে নিয়েছিল কেপ ভার্দে। আর এই চমকের অন্যতম নায়ক ছিলেন গোলপোস্টের নিচে অতন্ত্র প্রহরী হিসেবে ভোজিনহা। দেশের জার্সিতে প্রথমবার বিশ্বকাপে এসে চমকের পর এবার নতুন ক্লাবে যোগ দিচ্ছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। চিলির বিখ্যাত ক্লাব কোলো কোলোতে দেখা যাবে তাকে। ক্লাবটির সভাপতি আনিবাল মোসা গত পরশু বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্বকাপে গ্রুপ পর্ব ও নকআউটের চার ম্যাচে ১৮টি সেভ করেন ভোজিনহা। এই সেভের মধ্যে রানার্সআপ আর্জেন্টিনার বিপক্ষে আটটি এবং সাতটি সেভ ছিল বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচে। আর এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পুরো আসরে একটিমাত্র গোল হজম করা চ্যাম্পিয়ন স্পেনের গোলরক্ষক উনাই সিমন, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজদের পেছনে ফেলে বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নেন ভোজিনহা।
রয়টার্স জানিয়েছে, শিগগিরই চিলিতে যাবেন ফ্রি এজেন্ট হিসেবে থাকা ভোজিনহা। সেখানে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করবেন তিনি। এরপর এস্তাদিও মনুমেন্টালে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হবে তাকে। ট্রান্সফার মার্কেটের হিসেবে বিশ্বকাপের আগে ভোজিনহার মূল্য ছিল মাত্র ৫৮ হাজার ডলারের মতো। সেটা বেড়ে এখন তার দাম প্রায় পাঁচ লাখ ৮১ হাজার ডলার।
চিলির ক্লাবটির সভাপতি মোসা বলেন, ‘ভোজিনহা কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি চিলিতে আসবেন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে পরিচয় করিয়ে দেয়া হবে।’
তবে দুই পক্ষের মধ্যে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোলো কোলো একটি ছবি পোস্ট করে ভোজিনহাকে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছে।