প্রধানমন্ত্রীর ঘোষণা মালয়েশিয়ায় আর ঢালাওভাবে বিদেশী কর্মী নেবে না
Printed Edition
মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়ায় আগের মত ঢালাওভাবে বিভিন্ন সেক্টর বিদেশী কর্মী নিয়োগ দিবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে দীর্ঘ সময় ধরেই দেশটিতে কর্মী সঙ্কট রয়েছে। মালয়েশিয়ায় ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে চরম কর্মী সঙ্কট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, ২৭ জুলাই থেকে কার্যকর হওয়া এই নির্দেশনার অধীনে জরুরি ভিত্তিতে কর্মী সঙ্কটে থাকা খাতগুলো চিহ্নিত করে নির্ধারিত সময়ের মধ্যে সমাধান নিশ্চিত করতে হবে। ‘ইতোমধ্যেই দেশে বিপুলসংখ্যক বিদেশী কর্মী এবং অবৈধ অভিবাসী রয়েছে। তাই কর্মী সঙ্কট মেটানোর দোহাই দিয়ে আমরা যথেচ্ছভাবে বিদেশী শ্রমিক আসার পথ উন্মুক্ত করে দিতে পারিনা। তবে আমি স্বীকার করি যে, রেস্তোরাঁ খাতসহ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জরুরি ভিত্তিতে কর্মী সঙ্কট সমাধানের প্রয়োজন রয়েছে।’
তবে, কন্সট্রাকশন, পামওয়েল, কৃষি, ক্লিনার খাতে স্থানীয়রা কাজ করে না বিধায় বিদেশী শ্রমিকের প্রয়োজন হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ভিজিট করে কলিং ভিসা ও অনথিভুক্তদের বৈধ করার জন্য আহবান জানান।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে মালয়েশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। যদিও কিছুদিন আগে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বলেছেন, খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার, কিন্তু এর পরের দিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এক নোটিশে জানানো হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোনো লেনদেন বা পাসপোর্ট জমা দেয়া যাবে না।