তারেক রহমানই দেশকে এগিয়ে নেবেন : আবদুস সালাম
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় পরীক্ষিত নেতৃত্ব হিসেবে তারেক রহমানই আগামী দিনে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সক্ষম- এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। গতকাল রোববার রাজধানীর শাহজাদপুর সুবাস্তু নজর ভেলীর উল্টো পাশে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির একটি গৌরবোজ্জ্বল ও উজ্জ্বল অতীত রয়েছে। সেই উজ্জ্বল অতীতের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভঙ্গুর অর্থনীতি, দুর্ভিক্ষ ও শৃঙ্খলাহীনতার মধ্যেও দেশকে একটি শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেন। তিনি আরো বলেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এমন এক সময়ে, যখন দেশে রাজনৈতিক অস্থিরতা ও শৃঙ্খলার ঘাটতি ছিল। তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং সংসদীয় ব্যবস্থাকে সুসংহত করেন। আবদুস সালাম বলেন, এখনো দেশে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রাথমিক ধাপ হিসেবে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ একটি মহল পরিকল্পিতভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচালের অপচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মতো পরীক্ষিত নেতৃত্বের উত্তরসূরি তারেক রহমানই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারেন।
তিনি বলেন, তারেক রহমান দেশে ফেরার সময় কোটি কোটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জনগণের আস্থা কার ওপর রয়েছে। আজ তিনি জনগণের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। দেশের অর্থনীতি, সমাজব্যবস্থা ও পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজানোর জন্য তারেক রহমানের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’- এই ভিশন বিএনপির রাজনীতিকে অন্যদের থেকে আলাদা করেছে।
অন্য কোনো দল এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় এমন সুসংহত পরিকল্পনা তুলে ধরতে পারেনি। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। দীর্ঘ ১৭-১৮ বছর পর মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। জনগণ এই অধিকার নষ্ট হতে দেবে না। যোগ্য ও সৎ প্রার্থী বিবেচনা করেই ভোট দিতে হবে। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজিমুদ্দিন আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।