ফ্যান জোনে বন্দুক হামলা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বিশ্বকাপের ফ্যান জোন হিসেবে ব্যবহৃত একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্রে বন্দুক হামলা হয়েছে। এই হামলায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। হামলাটি ঘটে সান পেদ্রো স্কয়ারে, যা সান ফ্রান্সিসকো বে এরিয়ার অন্যতম জনপ্রিয় ওয়াচ পার্টি ভেনু। বিশ্বকাপ চলাকালে এখানে বড় পর্দায় ম্যাচ দেখার জন্য বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। এ পর্যন্ত সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হয়েছে।
সান হোসে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার ঘটনা ঘটেছে ২৮ জুন। তবে হামলার সময় সেখানে কোনো বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার হচ্ছিল না। স্থানীয় সময় বেলা ২টার দিকে দিনের একমাত্র ম্যাচটি শেষ হওয়ার পরই এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া বার্তায় পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। দ্বিতীয় ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। তার আঘাত প্রাণঘাতী হতে পারে। ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।’
ঘটনাস্থলে থাকা রয়টার্সের এক সাংবাদিকের বরাতে গ্লোবো ডটকম জানিয়েছে, হামলার পর পুরো এলাকাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে আশপাশের বেশির ভাগ বার বন্ধ করে দেয়া হয়েছে। সংবাদমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নারী নিরাপত্তাকর্মী আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় দেখেছেন বলে জানান। তার ভাষ্য, ‘লোকটি তখনো কাতরাচ্ছিল। তার ঘাড় ও পিঠের ওপরের অংশে রক্ত ছিল। পুলিশ নিরাপত্তাকর্মী এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে বক্তব্য সংগ্রহ করছিল।’