শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা জিম্বাবুয়ে

Printed Edition

ক্রীড়া ডেস্ক

এ যেন স্বপ্নের মতো চলছে জিম্বাবুয়ের এবারের টি-২০ বিশ্বকাপ। তাদের কাছে এ আসরের দুই সাবেক চ্যাম্পিয়নের হার। তাদের কাছে হেরেই এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। আর গতকাল আফ্রিকান দেশটির কাছে মাথানত করে গ্রুপ সেরা হতে পারেনি শ্রীলঙ্কা। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭৮ রান স্বাগতিকদের। জবাবে জিম্বাবুয়ে চার টপ অর্ডারের ব্যাটারের ওপর ভর করেই অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করেছে। ৩ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে জয় আদায় করে ৬ উইকেটে।

দুই দলেরই টপ অর্ডারের চার ব্যাটার রান পেয়েছেন। লঙ্কান ওপেনার পাথুম নিশাংকা ৮ চারে ৪১ বলে ৬২ রান করেন। কুশাল পেরেরা ১৪ বলে ২২, কুশাল মেন্ডিস ২০ বলে ১৪ ও পাবান রতœায়েকে ২৫ বলে ৪৪ রান তোলেন। তার এই ইনিংসে ছিল তিনটি চার ও দু’টি ছক্কা। শেষ দিকে দুনিথ ওল্লালেগের ৮ বলে তিন চারে ১৫ রান স্কোরকে ১৭৮-এ নিয়ে যায়। দু’টি করে উইকেট মুজারাবিনি, ইভান্স ও কেমারের।

তবে হাওয়ায় ভাসতে থাকা জিম্বাবুয়ের ক্রিকেটারদের কাছে এই সংগ্রহ মোটেই বড় মনে হয়নি। তাই ব্রেইন বেনেট, থাডিওয়ানাসে মারুমানি, রায়ান বার্ল এবং অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটে তৃতীয় জয় নিয়ে তারা এখন গ্রুপ সেরা। অবশ্য তাদের সুপার এইট আগেই নিশ্চিত হয়েছিল। বৃষ্টির কারণে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত হয়। ব্রেইন বেনেট আটটি চারে ৪৮ বলে ৬৩ রান করেন। মারুমানি ৩৪ রান তুলতে ব্যয় করেছেন ২৪ বল। ছিল ৫টি চার ও একটি ছক্কা। এরপর ১৯তম ওভারে সফরকারীরা ২ উইকেট হারালেও টুনি মুনইউনগা ছক্কা মেরে সব শঙ্কা দূর করেন। তবে সিকান্দার রাজা ২৬ বলে চার ছক্কা ও দুই বাউন্ডারিতে ৪৫ রান তুলে দলকে হন ম্যাচসেরা।

লঙ্কান বোলারদের মধ্যে দুশান হেমান্তা ৩৬ রানে নেন ২ উইকেট।