শৈলকুপায় রক্তক্ষয়ী সংঘর্ষ কুপিয়ে ১ জনকে জখম

Printed Edition

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মুকুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতেই পাল্টাপাল্টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নের শেখরা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্বশত্রুতা ও সামাজিক বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যার দিকে শেখরা গ্রামের মস্তো সরকার পক্ষের লোকজন একই গ্রামের মুকুল হোসেনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। হামলার পরপরই মুকুল হোসেন মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতের দিকে মুকুল হোসেনের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মস্তো সরকারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা আহত মুকুল হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেননি।