কিউইদের হারিয়ে ফের শীর্ষে এইচপি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৩ রানে হারিয়ে টপ এন্ড টি-২০ সিরিজে ফের টেবিলের শীর্ষে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ব্যাট হাতে আরিফুল-সাব্বিরের পর বল হাতে উজ্জ্বল ছিলেন রাকিবুল-রিপনরা। বড় পুঁজির বিপরীতে খেলতে নেমে তাই সুবিধা করতে পারেনি কিউইরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮১ রান করে এইচপি দল। জবাবে ৮ উইকেটে ১৫৮ রানে থামে নিউজিল্যান্ড। তাতে ২৩ রানের জয় ইরফান শুক্কুর বাহিনীর।

ডারউইনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড ‘এ’ দলের অধিনায়ক আদিত্য অশোক। বাংলাদেশ এইচপির ওপেনার জিসান আলম খুলতে পারেননি রানের খাতা। তবে দলের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলাম। ২১ বলে ২৬ রান করে সোহান বিদায় নিলেও আরিফুল এক প্রান্ত আগলে রাখেন। অধিনায়ক ইরফান শুক্কুর ৩ রান করে সাজঘরে ফিরলে ক্রিজে নামেন সাব্বির রহমান।

সেঞ্চুরির আশা জাগিয়েও ৪৮ বলে সাত চার ও দুই ছক্কায় ৭১ রান করে বিদায় নেন আরিফুল। সুবিধা করতে পারেননি শামীম হোসেন পাটোয়ারিও। তবে সাব্বির সচল রাখেন রানের চাকা। শেষপর্যন্ত ৩৬ বলে ১৭২.২২ স্ট্রাইক রেটে ৬২ রান করে অপরাজিত থাকেন সাব্বির, হাঁকান ৬টি চার ও ২টি ছক্কা। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি।

জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড ‘এ’। কেটেন ক্লার্ক ১০ বলে ২৪ রান করে সাজঘরে ফিরলে ২য় উইকেটে ৫৪ রানের পার্টনারশিপ গড়েন ম্যাক্স চু ও ম্যাথু বয়েল। তবে চু ৩৩ বলে ৪৪ ও ম্যাথু ২২ বলে ৩১ রান করে বিদায় নিলে বিপাকে পড়ে নিউজিল্যান্ড ‘এ’ দল। রাকিবুল-রিপনদের তোপের মুখে শেষদিকে লড়াই করেন জশ ক্লার্কসন। তবে রান রেটে পিছিয়ে পড়া কিউইরা জয় থেকে অনেক দূরে ১৫৮ রানে থেকেই ইনিংস শেষ করে। ২৩ রানের দাপুটে জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় বাংলাদেশ এইচপি দল।

সংক্ষিপ্ত স্কোর :

এইচপি দল : ১৮১/৫ (জিসান ০, হাবিবুর ২৬, আরিফুল ৭১, ইরফান ৩, শামিম পাটোয়ারি ৩, সাব্বির ৬২*, সাকলাইন ৬*, ম্যাথিউ ২/৩১, লিনক্স ১/২৯, অদিত্য ১/৩১, ক্লার্কসন ১/৪৬)।

নিউজিল্যান্ড ‘এ’ ইনিংস : ১৫৮/৮ (ক্লার্ক ২৪, ম্যাক্স চু ৪৪, ম্যাথিউ বয়লি ৩১, ক্লার্কসন ২৫, রনি ০/২০, রুবেল ১/৩৯, রিপন ৩/২৭, সাকলাইন ১/২৪, শামিম ০/২২, রাকিবুল ৩/২৩)।