হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিকভাবে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই সেনাবাহিনীর দুই সৈনিক প্রাণ হারান এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন। আইএসপিআর আরো জানায়, আহত সেনা কর্মকর্তাকে দ্রুত উন্নত ও জরুরি চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম এরইমধ্যে শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।