গোল-ঝড়ের রাতে জয়ে স্বস্তি রিয়াল-সিটির

Printed Edition
khela-2
এফসি পোর্তের জালে দ্বিতীয়বার বল পাঠিয়ে সতীর্থদের নিয়ে উল্লাস করছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হলান্ড : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম জমজমাট সব ম্যাচ দিয়ে গত পরশু শুরু হয়েছে। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের লিগ পর্বের প্রথম দিনেই নিজেদের মাঠে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। পর্তুগালের মাঠে দারুণ শুরু ম্যানচেস্টার সিটির। এ দিন জয় নিয়ে মাঠ ছেড়েছে বরুশিয়া ডর্টমুন্ড, অ্যাস্টন ভিলা ও রিয়াল বেটিস। ছয় ম্যাচে গোল হয়েছে ২০টি। পাঁচটি ম্যাচই নিষ্পত্তি হয়েছে মাত্র এক গোলের ব্যবধানে। এতেই আসল উত্তেজনার প্রমাণ মিলল চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের।

সান্তিয়াগো বার্নাব্যুতে রাতের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই ইন্টার বল দখলে এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বেশি কার্যকর ছিল স্বাগতিকরা। কিলিয়ান এমবাপ্পে রিয়ালকে এগিয়ে দেয়ার পর ব্যবধান বাড়ান ফেদেরিকো ভালভার্দে। দুই গোল হজমের পরও হাল ছাড়েনি ইতালিয়ান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন কার্লোস অগুস্তো। যার ফলে বেড়ে যায় ম্যাচে উত্তেজনাও। শেষ দিকে ইন্টারের একের পর এক আক্রমণ সামলাতে গোলরক্ষক থিবো কর্তোয়া বড় ভূমিকা রাখলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

পর্তুগালের মাঠে দুর্দান্ত শুরু করেছে ম্যানচেস্টার সিটি। এফসি পোর্তোর বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন আর্লিং হলান্ড। নরওয়েজিয়ান তারকার জোড়া গোলে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারায় সিটিজেনরা। ম্যাচের ৪৭ মিনিটে প্রথম গোল করার পর যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন হলান্ড। ম্যাচসেরা হন তিনিই।

বরুসিয়া ডর্টমুন্ডের নিজেদের মাঠে ম্যাচে রোমাঞ্চকর লড়াই করে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। সিগন্যাল ইদুনা পার্কের পাঁচ গোলের ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ডর্টমুন্ড। ম্যাচের ৫৩ মিনিটে রেনাতো ভেইগার আত্মঘাতি গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৬ মিনিটে সান্তিয়াগো মৌরিনোর গোলে ম্যাচে সমতায় ফেরে ভিলারিয়াল। তবে ৮০ ও ৮৫ মিনিটে সেরহু গিরাসির জোড়া গোলে ডর্টমুন্ডের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেরহু গিরাসির আত্মঘাতি গোলের পরও সমতায় ফেরা আর হয়নি ভিলারিয়ালের।

ফ্রান্সে লিলের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল বেটিস। প্রথমার্ধে দু’বার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসে বেটিস। অভিজ্ঞ ডিফেন্ডার মার্ক বাত্রা করেন জোড়া গোল। পরে ট্রয় প্যারটের গোলেই নিশ্চিত হয় তাদের জয়। ম্যাচের আরেকটি আলোচিত ঘটনা ছিল লিলের ইথান এমবাপ্পের লাল কার্ড। ২১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরে এমন জয় বেটিসের জন্য নিঃসন্দেহে স্মরণীয়।

বেলজিয়ামে অ্যাস্টন ভিলা ৩-২ ব্যবধানে হারিয়েছে ক্লাব ব্রুজকে। জন ম্যাকগিন, এমি বুয়েন্দিয়া ও নিকোলাস জ্যাকসনের গোলে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ক্লাব ব্রুজ পেনাল্টি থেকে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে। শেষ পর্যন্ত কঠিন চাপ সামলে জয় ধরে রাখে উনাই এমেরির দল। অন্য ম্যাচে রাজভান মারিনের দুর্দান্ত ফ্রি-কিকে লাস্ককে ১-০ গোলে হারিয়েছে এইকে এথেন্স।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম শুরুর ম্যাচডের তৃতীয় দিনে আজ মাঠে লড়াইয়ে দেখা যাবে বায়ার্ন মিউনিখের মাঠে বুদো-গ্লিমিটকে। ওল্ডট্রাফোর্ডে আজারবাইজানের ক্লাব সাবহাকে আতিথেয়তা দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। নেদারল্যান্ডসের পিএসভির বিপক্ষে খেলবে ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্ক। তুরস্কে ক্লাব ফেনেরবাচের মাঠে খেলবে ইতালির এএস রোমা। ইতালির আরেক ক্লাব কোমোকে তাদেরই মাঠে মোকাবেলা করবে জার্মান ক্লাব আরবি লিপজিগ। চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাহার বিপক্ষে তাদেরই মাঠে খেলবে লিগ ওয়ানের দল আরসি লেন্স।