আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন ক্রিশ্চিয়ান রোমেরো

Printed Edition
khela-3
আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন ক্রিশ্চিয়ান রোমেরো

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো। দলের ভেতরের নেতৃত্বের দায়িত্ব ও মাঠে অধিনায়কের আর্মব্যান্ড দুই ভূমিকাতেই রোমেরোকেই বেছে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

মেসির পাশাপাশি নিকোলাস ওটামেন্দিও জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর নেতৃত্বের জায়গায় পরিবর্তন আসছে। এর ফলে ২৮ বছর বয়সী রোমেরোই এখন আর্জেন্টিনার ড্রেসিংরুমে প্রধান নেতা এবং মাঠে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে এই সিদ্ধান্ত সাম্প্রতিক নয়। বিশ্বকাপের আগেই রোমেরোকে দলের তৃতীয় অধিনায়ক হিসেবে নির্ধারণ করা হয়েছিল। মেসি ও ওটামেন্দি জাতীয় দলের বাইরে চলে যাওয়ায় এবার সেই ধারাবাহিকতায় পূর্ণাঙ্গ অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন তিনি।

রোমেরোকে অধিনায়ক হিসেবে বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি। তিনি দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকোর ওপর রোমেরোকেই অগ্রাধিকার দিয়েছেন।

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলেছেন রোমেরো। এর মধ্যে তিনবার অধিনায়কের আর্মব্যান্ডও পরেছেন তিনি। প্রথমবার গত বছর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে দলকে নেতৃত্ব দেন। ম্যাচটি ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতিম্যাচেও অধিনায়কত্ব করেন রোমেরো। সর্বশেষ চলতি বছরের মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন তিনি।

সেপ্টেম্বরে আর্জেন্টিনার নির্ধারিত প্রীতিম্যাচগুলো হবে রোমেরোর নিয়মিত অধিনায়কত্বের নতুন অধ্যায়ের সূচনা। তবে ২০২৭ সালেও স্কালোনি জাতীয় দলের কোচের দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।