দাফতরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার নয়
Printed Edition
বাসস
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে দাফতরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদধারীদের সাথে দাফতরিক যোগাযোগ, নথি এবং সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির পূর্বে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লিখিতভাবে ব্যবহার করা যাবে না। এমনকি অন্য কোনো ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়, সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন দফতর-সংস্থায় দাফতরিক যোগাযোগের ক্ষেত্রে এই অভিন্ন নির্দেশনা প্রযোজ্য হবে। বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে নির্দেশটি অবিলম্বে কার্যকরের তাগিদ দেয়া হয়েছে।
এরইমধ্যে পরিপত্রটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, প্রধান তথ্য কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। সরকারের দাফতরিক যোগাযোগ ও নথিপত্রে অভিন্ন রীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে।