ওয়ানডে অভিষেকেই হারমানের বিশ্বরেকর্ড
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত সেঞ্চুরি করে ইতিহাসে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার ওপেনার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। তার ইনিংসে ছিল ১৭টি চার ও ৩টি ছক্কা।
এই ইনিংসের মাধ্যমে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন হারমান। এর আগে একই রেকর্ডের মালিক ছিলেন তারই সতীর্থ ম্যাথু ব্রিটজকে। গত বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে ১৪৮ বলে ১৫০ রান করেছিলেন ব্রিটজকে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা ধীরগতির ছিল দক্ষিণ আফ্রিকা। সপ্তম ওভারে ইস্টারহুইজেন আউট হওয়ার পর হারমান ও ডি জর্জি জুটি গড়ে তোলেন। দু’জন মিলে যোগ করেন ১৯০ রান। ৯৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হারমান। এরপর ৮৪ বলে ৭২ রান করে ডি জর্জি ফিরলেও থামেনি হারমানের ব্যাট।
ডেভাল্ড ব্রেভিসের সাথে আরো ৫৯ রান যোগ করার পর ১২৬ বলে ১৫০ রান করে আউট হন তিনি।
শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রান সংগ্রহ করে। ব্রিটজকের আগে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে ১৩৬ বলে ১৪৮ রান করেছিলেন তিনি। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত নামিবিয় ৩ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে।