বাংলাদেশ-ভারত সেমিফাইনাল আজ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমিরাতের বিপক্ষে বাংলাদেশের পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-২০তে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা। প্রথম সেমিফাইনালে আজ রাত সাড়ে ৮টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পর দিন দ্বিতীয় সেমিতে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান। এটি যেন ২০২৪ সালের এশিয়া কাপের সেমিফাইনালেরই পুনরাবৃত্তি। সেবার এক সেমিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। অপর সেমিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল পাকিস্তান।
আমিরাতকে সহজে হারালেও একটা পর্যায়ে বাংলাদেশের গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। প্রতিপক্ষ যতই তুলনামূলক দুর্বল আমিরাত হোক, ১০৩ রান করে কি বর্তমান টি-২০তে জয়ের আশা করা যায়! বোলারদের নৈপুণ্যে এরপর বাংলাদেশ ৬৯ রানে আটকে দেয় আমিরাতকে। আজ দুবাইয়ে ছন্দে থাকা ভারতের বিপক্ষে সেমিতে খেলবে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং সব বিভাগেই হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত রয়েছে ছন্দে।
ভারতের বিপক্ষে টি-২০তে ২৪ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে তিনটিতে। যার মধ্যে একটি ২০১৮ সালে কুয়ালালামপুরে এশিয়া কাপ ফাইনালে। বর্তমানে নারী টি-২০ র্যাংকিংয়ে ভারত ও বাংলাদেশ অবস্থান করছে ৩ ও ১০ নম্বরে। এবারের এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের সেরা দুইয়ে আছেন দুই ভারতীয়- স্মৃতি মান্ধানা (১৫২) ও শেফালি ভার্মা (১০৪)। আর বোলিংয়ে ৮ ও ৭ উইকেট নিয়ে দুই ও তিনে দুই ভারতীয় দীপ্তি শর্মা ও শ্রী চরণী। বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘ভারত খুবই শক্তিশালী একটি দল। আমরা নির্দিষ্ট দিনে নিজেদের সেরা খেলাটা খেলার চেষ্টা করব। ফল তো আসবেই, কিন্তু নিজেদের পুরোটা উজাড় করে দিতে হবে।’
জ্যোতির মতো শারমিন আক্তার সুপ্তাও ভারত ম্যাচ নিয়ে আশাবাদী। ‘আপনি যদি নেতিবাচকভাবে ভাবেন, তবে এটা চাপ হতে পারে; কিন্তু ভারতের মতো দলের বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য আনন্দের। তারা অত্যন্ত শক্তিশালী দল। আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান, তবে আপনাকে এ ধরনের দলের বিপক্ষেই খেলতে হবে। তাদের বিপক্ষে খেলাটা চাপ নয়, আমরা উপভোগ করি।’
ব্যাটিং বিপর্যয় নিয়ে সুপ্তা বলেন, ‘সত্যি বলতে, মাঝে মধ্যে এমনটা ঘটতেই পারে। আমার মনে হয়েছিল, সেই পরিস্থিতিতে আমার এক প্রান্তে টিকে থাকা এবং টেল-এন্ডারদের (নিচের সারির ব্যাটার) সাথে জুটি গড়া প্রয়োজন ছিল। কারণ শুরুতেই ৫-৬ উইকেট হারিয়ে ফেললে এগোনো অনেক কঠিন হয়ে পড়ে। কিছুটা চাপ তো ছিলই। তবে নাহিদা সে সময় দারুণ ব্যাটিং করেছে। সে আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল।’
আমিরাত ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে সুপ্তা বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যন্ত ১০০-এর বেশি রান করতে পেরেছি। আমরা জানতাম, এ ধরনের দলের বিপক্ষে কিভাবে জিততে হবে। কারণ, বোলারদের ওপর বিশ্বাস ছিল।’
৭ উইকেট নেয়া মারুফা আক্তার এবারের এশিয়া কাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় যৌথভাবে তিনে। ভারতের শ্রী চরণি, পাকিস্তানের নাশরা সান্ধু ও থাইল্যান্ডের সুলিপর্ণ লাওমিরও উইকেট সাতটি। ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। দুইয়ে থাকা দীপ্তির উইকেট ৮। আর সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনে থাকা বাংলাদেশের সোবহানা মোস্তারি করেছেন ৭৭ রান।
সেমিফাইনালের সূচি
১০ সেপ্টেম্বর : বাংলাদেশ-ভারত রাত ৮.৩০
১১ সেপ্টেম্বর : পাকিস্তান-শ্রীলঙ্কা রাত ৮.৩০