চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, আটক ২
Printed Edition
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ প্রেমিকা নাইমা জাহান ও সিয়ামের বন্ধু আরিয়ান খান মাহিদকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাইমা জাহানের সাথে সিয়ামের প্রেমের সম্পর্ক ছিল। নাইমার দাবি, সিয়াম তার তিন মাসের গর্ভের সন্তান নষ্ট করায় তিনি বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু সিয়াম টালবাহানা শুরু করেন। গত রোববার রাতে নাইমা ও সিয়ামের বন্ধু আরিয়ান লক্ষ্মীপুর গ্রামে সিয়ামদের একটি পরিত্যক্ত বাড়িতে আসেন। ভোরে সিয়াম নাইমাকে চলে যেতে বললে দু’জনের মধ্যে বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে নাইমা ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন। সিয়ামের চিৎকারে প্রতিবেশীরা এসে নাইমা ও আরিয়ানকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক সামছুল আরেফিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রেমিকা ও বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।