রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

দুধ, ডিম ও গোশত বিক্রয় কর্মসূচির উদ্বোধন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য (দুধ, ডিম, গোশত) সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় সারা দেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।

গতকাল সকালে মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও গোশত বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়ানোয় নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। তাদের কষ্ট লাঘবে সরকারের এ ধরনের উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ কার্যক্রম আরো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মশিউর রহমান, বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিসিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন। এ ছাড়াও মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষিপণ্য রফতানি করা হবে : অন্য দিকে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ বলেছেন, আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষিপণ্য রফতানি করা হবে।

তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের বৃহৎসংখক জনগোষ্ঠী এ খাতের সাথে সংশ্লিষ্ট। সঠিক পরিকল্পনার মাধ্যমে কৃষি খাতকে ঢেলে সাজানো হবে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষিকে প্রাধান্য দিতে হবে।

আগামী এক বছরে কৃষিপণ্যের আমদানি কমিয়ে আনার পাশাপাশি কৃষিপণ্য রফতানি বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, কৃষি অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। এ সেক্টরের সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।