ইলম ও আমলের সমন্বয়েই সমাজ সংস্কার সম্ভব : ছারছীনা পীর

Printed Edition

কুমিল্লার মোস্তফাপুর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব শাহ্ সুফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ রহ:-এর স্মরণে দুই দিনব্যাপী ১১তম ঈছালে ছাওয়াব মাহফিল ও জেলা জমইয়াত, যুব ও ছাত্র হিযবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শেষ দিনের আখেরি মুনাজাতের আগে প্রধান অতিথির বক্তব্যে আমিরে হিযবুল্লাহ পীর ছাহেব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেন, ইসলামী সমাজ সংস্কারের মূলভিত্তি হলো সুন্নতে নববীর আলোকে আদর্শ ও আমল। শুধু ইলম বা মৌখিক স্বীকৃতি যথেষ্ট নয়; সঠিক আকিদা ও আমলের বাস্তব অনুশীলনের মাধ্যমেই প্রকৃত মুসলিমের পরিচয় প্রকাশ পায়।

তিনি বলেন, অন্ধ ব্যক্তি যেমন পথ দেখাতে পারে না, তেমনি আমলহীন আলেমও মানুষকে আলোর পথে নিতে পারে না। সমাজে বহু আলেম থাকলেও বাহ্যিক আমলে ইসলামের প্রতিফলন না থাকলে তাদের দ্বারা হেদায়েত পাওয়া সম্ভব নয়। তাই হাক্কানি আলেম হিসেবে ইলম ও আমলের সমন্বয়ে সলফে সালেহীনের আদর্শ অনুসরণ করতে হবে। তবেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ইসলামী আদর্শ বাস্তবায়ন সম্ভব হবে।

মাহফিলে আরো বক্তব্য দেন জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমির মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, নাজেমে আ’লা ড. সৈয়দ মুহা: শরাফত আলী, ড. মুফতি কাফিল উদ্দীন সরকার, অধ্যাপক ড. রুহুল আমিন, মাওলানা রূহুল আমিন আফসারী, মাওলানা হেমায়েত বিন তৈয়ব, মাওলানা মামুনুল হক, মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ ও মাওলানা শামসুল আলম মোহেব্বী। পরিশেষে বাদ জুময়া দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় পীর ছাহেব আখেরি মুনাজাত পরিচালনা করেন। হাজারো মুসল্লির আমিন ধ্বনিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। বিজ্ঞপ্তি