মিয়ানমারে সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে আটক ১১

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৭৪০ বস্তা সিমেন্টসহ একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচারচক্রের ১১ সদস্যকে আটক করা হয়। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সিমেন্ট পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে নৌবাহিনী। মঙ্গলবার রাতে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন বাতিঘর থেকে ৩১ মাইল দূরে ‘এফবি রুনা আক্তার’ নামক একটি সন্দেহভাজন বোট দেখতে পায়। নৌবাহিনী বোটটিকে থামার সঙ্কেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ৭৪০ বস্তা বাংলাদেশী ‘ডায়মন্ড সিমেন্ট’ জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে যাত্রা করে সন্দ্বীপ চ্যানেলের জোড়াবয়া এলাকা থেকে তারা সিমেন্টগুলো লোড করে। অধিক মুনাফার আশায় এগুলো মিয়ানমারের সিতা এলাকায় পাচারের পরিকল্পনা ছিল তাদের। জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী জানায়, সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা এবং মাদক ও চোরাচালান দমনে উপকূলে তাদের এমন নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।