ইরাকের প্রধানমন্ত্রী পদে নূরী আল-মালিকির পক্ষে শিয়া জোট
Printed Edition
এএফপি
ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক নূরী আল-মালিকিকে সমর্থন দিয়েছে দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ শিয়া জোট। এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়। ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত শিয়া দলগুলোর জোট ‘কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ এক বিবৃতিতে জানিয়েছে, তারা মালিকিকে পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে। সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে তাকে ‘বৃহত্তম সংসদীয় জোটের প্রার্থী’ হিসেবে নির্বাচন করা হয়েছে।
বিবৃতিতে মালিকির রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতার কথা বিশেষভাবে তুলে ধরা হয়। ৭৫ বছর বয়সী অভিজ্ঞ রাজনীতিক মালিকি ইরাকের রাজনীতিতে দীর্ঘদিনের এক কেন্দ্রীয় ব্যক্তিত্ব। ২০০৩ সালে মার্কিন আগ্রাসনে সুন্নি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর একমাত্র ব্যক্তি হিসেবে তিনি দুই মেয়াদে (২০০৬-২০১৪) দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পারস্পরিক সমঝোতা অনুযায়ী, ইরাকে সাধারণত একজন শিয়া মুসলিম প্রধানমন্ত্রীর পদটি পান। এ ছাড়া পার্লামেন্ট স্পিকারের পদটি সুন্নিদের এবং মূলত রাষ্ট্রপতির আনুষ্ঠানিক পদটি কুর্দিদের জন্য বরাদ্দ থাকে।