টিম কুকের ১৫ বছরের অধ্যায়ের ইতি

Printed Edition
pro-1
টিম কুকের ১৫ বছরের অধ্যায়ের ইতি

আহমেদ ইফতেখার

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে টিম কুকের ১৫ বছরের অধ্যায়ের ইতি ঘটেছে। গত ৩১ আগস্ট ছিল সিইও হিসেবে তার শেষ কর্মদিবস। ২০১১ সালের আগস্টে স্টিভ জবসের কাছ থেকে অ্যাপলের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন টিম কুক। সে সময় অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস অসুস্থতার কারণে সিইও পদ থেকে সরে দাঁড়ান। এর দুই মাসের কম সময় পর ওই বছরের অক্টোবরে মারা যান তিনি। এরপর টানা ১৫ বছর অ্যাপলের নেতৃত্ব দিয়েছেন কুক, তবে অ্যাপল থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না টিম কুক। ১ সেপ্টেম্বর থেকে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। টিম কুকের স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যাপলের হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের বর্তমান জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস। ৫০ বছর বয়সী টার্নাস সিইও হিসেবে দায়িত্ব নেয়ার সময় টিম কুকেরও বয়স ছিল ৫০ বছর।

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের প্রথম বড় আয়োজন হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। ওই অনুষ্ঠানে নতুন আইফোনসহ বেশ কয়েকটি পণ্য উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, এবারের আয়োজনেই প্রথমবারের মতো ফোল্ডেবল আইফোন উন্মোচন করবে অ্যাপল।

নতুন সিইও হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই বড় একটি পণ্য উন্মোচন অনুষ্ঠানের নেতৃত্ব দিতে হবে টার্নাসকে। অ্যাপলের নেতৃত্বে এই পরিবর্তন এমন এক সময় হলো, যখন প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। উন্নত কম্পিউটিং চিপের চাহিদা দ্রুত বাড়ছে। এতে চিপ সরবরাহের ওপর চাপ তৈরি হয়েছে।

অ্যাপলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে প্রতিযোগিতাও বেড়েছে। গুগল, মাইক্রোসফটসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এআই প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতায় অ্যাপলকে আরো শক্ত অবস্থান তৈরি করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনেও অ্যাপলকে নানা রাজনৈতিক ও নীতিগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।

টিম কুকের নেতৃত্বে অ্যাপলের পণ্যভাণ্ডারে যুক্ত হয়েছে বেশ কিছু জনপ্রিয় পণ্য। এর মধ্যে রয়েছে এয়ারপডস ও অ্যাপল ওয়াচ। তাঁর নেতৃত্বেই ম্যাকবুক, ডেস্কটপ ম্যাকসহ অ্যাপলের কম্পিউটার পণ্যগুলোতে বড় পরিবর্তন আসে। নিজেদের তৈরি সিলিকন চিপ ব্যবহারের মাধ্যমে কম্পিউটার ব্যবসায়ও নতুনভাবে ঘুরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। ব্যবসায়িক সাফল্যের দিক থেকেও কুকের সময়টি ছিল গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধসহ বিভিন্ন বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবও সামলাতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

দায়িত্ব ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাপল পরিবারের প্রতি আবেগঘন এক বার্তায় টিম কুক লিখেছেন, ‘অ্যাপলের সিইও হিসেবে শেষ দিনে পরিবারের সবাইকে অনেক ভালোবাসা। আগামীকাল আমার পদবি বদলে যাবে, কিন্তু অ্যাপল পরিবারের প্রতি আমার ভালোবাসা কখনো বদলাবে না। আপনারা সব সময় আমার অনুপ্রেরণার উৎস ছিলেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সামনে নতুন অধ্যায়ের জন্য আমি উচ্ছ্বসিত।’