ঋণ না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধর
Printed Edition
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঋণের সুপারিশকে কেন্দ্র করে কার্যালয়ে ঢুকে পল্লী সঞ্চয় ব্যাংকের এক মাঠকর্মীকে শার্টের কলার চেপে ধরে মারধর, শ্বাসরোধের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংককর্মী আ: ছাত্তার নিরাপত্তা চেয়ে অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর দুপুরে অষ্টগ্রাম পল্লী সঞ্চয় ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বাসিন্দা, উপজেলা যুবদলের সদস্য এবং স্থানীয়ভাবে প্রভাবশালী আলী রহমান খাঁ। ঘটনার দিন তিনি একটি ঋণের সুপারিশ নিয়ে ব্যাংকে যান। নিয়ম অনুযায়ী প্রক্রিয়াকরণ শেষে ঋণ দিতে কিছুটা সময় লাগবে বললে আলী রহমান খাঁ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি প্রকাশ্যেই ব্যাংককর্মীর শার্টের কলার ধরে মারধর ও শ্বাসরোধের চেষ্টা করেন। চিৎকার শুনে শাখা ব্যবস্থাপক সুমন রায়সহ অন্যান্য সহকর্মীরা এসে তাকে রক্ষা করেন। চলে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি তাকে পরবর্তী সময়ে দেখে নেয়ার ও প্রাণনাশের হুমকি দেন।
ভুক্তভোগী ব্যাংককর্মী আ: ছাত্তার বলেন, আমি নিয়ম মেনে সরকারি দায়িত্ব পালন করছিলাম। অন্যায্য দাবি না মানায় আমার ওপর হামলা চালানো হয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। শাখা ব্যবস্থাপক সুমন রায় বলেন, আমার চোখের সামনেই সরকারি কর্মচারীর ওপর হামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে বিচার পেতে আমরা ইউএনও মহোদয়কেও অবহিত করেছি।
অভিযুক্ত আলী রহমান খাঁর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোনের সংযোগ কেটে দেন। উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ দাবি করেন, বিষয়টি আপস-মীমাংসা করা হয়েছে। তবে ওসির দায়িত্বে থাকা মোহাম্মদ রুকনুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাশ বলেন, লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।