২০২৭-এর এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই মাস পেছানো হতে পারে। মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু করার প্রাথমিক পরিকল্পনা থেকে সরে আসার কথা ভাবছে শিক্ষা বিভাগ। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি এবং অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে পরীক্ষা আগামী মার্চে শুরু করার বিষয়ে আলোচনা চলছে। তবে একটি সূত্র জানিয়েছে ১৪ মার্চ রোববার পরীক্ষা শুরুর হিসাব ধরে খসড়া রুটিন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
শিক্ষা কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, সবকিছু চূড়ান্ত হলে মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু হতে পারে। শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, রমজান ও ঈদুল ফিতরের বিষয়টি বিবেচনায় নেয়ার পাশাপাশি অভিভাবকদের মতামতকেও গুরুত্ব দেয়া হচ্ছে। রমজান ও ঈদুল ফিতর শেষে মার্চের মাঝামাঝি সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হতে পারে বলে আলোচনা চলছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এ দিকে আগামী বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত। এর আগে গত ১৪ মে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি, এইচএসসি ও সমমানের ৪০ লাখ শিক্ষার্থীদের জন্য, দুই বছরে গ্যাপ নিরসনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘ডিসেম্বর মাসকে শিক্ষা বছরের শেষ এবং পরীক্ষার মাস হিসেবে ধরা হবে।’
দীর্ঘ দিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হয়ে আসছিল। তবে করোনা মহামারীর পর সেই সূচি আর বজায় থাকেনি; বরং পরীক্ষা আরো পিছিয়েছে। চলতি বছরও (২০২৬) এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় জুলাই মাসে।
এমন পরিস্থিতিতে আগামী বছরের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ নেয় শিক্ষা বিভাগ। এর আগে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। এ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। পরে অংশীজনদের নিয়ে আয়োজিত সভাতেও ডিসেম্বরে পরীক্ষা না নেয়ার পক্ষে মত আসে।