ধানসিঁড়ির তীরে জীবনানন্দের ১২৭তম জন্মোৎসব পালিত
Printed Edition
ঝালকাঠি প্রতিনিধি
‘আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়’ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের অমর এই পক্তি উচ্চারণে ঝালকাঠিতে পালিত হলো তাঁর ১২৭তম জন্মোৎসব। গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় ধানসিঁড়ি নদীর তীরে রাজাপুরের উত্তর পিংড়ি গ্রামে অবস্থিত কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা প্রাঙ্গণে। কবিতাচক্র ঝালকাঠি এবং জীবনানন্দ দাশ জন্ম-মৃত্যু উদ্পরিষদ, রাজাপুর ও ঝালকাঠির যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, কবিতাচক্রের সাধারণ সম্পাদক মু. আল আমীন বাকলাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। সঞ্চালনা করেন সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি আলমগীর শরীফ। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা কবিতায় জীবনানন্দ দাশ এক অনন্য উচ্চতায় আসীন। তার কবিতায় গ্রামবাংলার প্রকৃতি, ইতিহাস ও মানবমনের গভীর বোধ অনবদ্যভাবে প্রতিফলিত হয়েছে। ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি বাংলার প্রকৃতিকে বিশ্বসাহিত্যে এক স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিল কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ, জীবনানন্দের জীবন ও কর্মভিত্তিক আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় সাহিত্যিক, শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে ধানসিঁড়ি নদীর তীর।