সুবিধাবঞ্চিত আনসার ও ভিডিপি সদস্যদের জন্য কল্যাণমূলক উদ্যোগ

‘সঞ্জীবন প্রকল্প’ বিষয়ক কর্মশালা

Printed Edition
3rd-6
‘সঞ্জীবন প্রকল্প’ বিষয়ক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক

গাজীপুর জেলা প্রতিনিধি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কল্যাণমূলক উদ্যোগ ‘সঞ্জীবন প্রকল্প’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির বীর বিক্রম শহীদ এলাহী অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালাটি বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের আওতায় পরিচালিত হয়। কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি ‘সঞ্জীবন প্রকল্প’-এর লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো এবং এর মাধ্যমে সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের সম্ভাবনা তুলে ধরেন।

মহাপরিচালক বলেন, ‘সঞ্জীবন প্রকল্প’ আনসার ও ভিডিপি সদস্যদের মধ্য থেকে দক্ষ ও উদ্যোক্তা হওয়ার আগ্রহী ব্যক্তিদের নির্বাচন করে টেকসই কর্মসংস্থান সৃষ্টির একটি সময়োপযোগী উদ্যোগ। সুবিধাবঞ্চিত সদস্যদের স্বাবলম্বী করে তুলতেই দেশের ১২টি জেলার ১২টি উপজেলায় প্রকল্পটির পাইলট কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে এর লক্ষ্য, উদ্দেশ্য ও অর্জন সূচক সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, দায়িত্ব পালনের প্রতিটি ধাপই একটি বিনিয়োগ। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে তা কর্মজীবনের সর্বোত্তম বিনিয়োগে পরিণত হয়। প্রতিটি কার্যক্রম যেন স্বচ্ছ ও প্রশ্নাতীত হয়- এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। কর্মশালায় প্রকল্পভিত্তিক পৃথক সেশন পরিচালনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সঞ্জীবন প্রকল্পের প্রস্তাবনা দাখিল প্রক্রিয়া ও সদস্য নির্বাচন কৌশল বিষয়ে সেশন পরিচালনা করেন উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো: রফিকুল ইসলাম। নন-অ্যাগ্রোবেজড কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন ২৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক রুবেল উকিল। তিনি নন-অ্যাগ্রোবেজড উদ্যোগের সম্ভাবনা ও বাস্তবায়ন পদ্ধতি তুলে ধরেন। অ্যাগ্রোবেজড প্রকল্প বিষয়ে বক্তব্য দেন দুই মহিলা আনসার ব্যাটালিয়নের পরিচালক ড. মোস্তারী জাহান ফেরদৌস। তিনি কৃষিভিত্তিক উদ্যোগের মাধ্যমে টেকসই আয় সৃষ্টি ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালার একটি বিশেষ মোটিভেশনাল সেশন পরিচালনা করেন উদ্যোক্তা ইকবাল বাহার জাহিদ। তার বক্তব্য অংশগ্রহণকারীদের উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

দিনব্যাপী কর্মশালায় প্রকল্প প্রস্তাবনা, সদস্য নির্বাচন, মডেল প্রকল্প উপস্থাপন, ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে আনসার-ভিডিপি বাহিনী ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।