বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন : তারেক রহমান
Printed Edition
বিশেষ সংবাদদাতা
দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান।
গতকাল রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বলে আলোচনা চলছিল। তবে দলটির পক্ষ থেকে এতদিন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়নি। দলীয় কার্যক্রমে এই পদও ব্যবহার করা হয়নি।
বিএনপির গঠনতন্ত্রের ৭ (গ) ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা ৩ অনুযায়ী তারেক রহমান চেয়ারম্যান হয়েছেন। সেখানে বলা হয়েছে, যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন।
উপধারা ২ অনুযায়ী ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
জানা গেছে, গত রাতে স্থায়ী কমিটির বৈঠকে অন্যতম এজেন্ডা ছিল তারেক রহমানের চেয়ারম্যানের পদের বিষয়টি। বৈঠকে মহাসচিব বিষয়টি উত্থাপনের পর তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
তারেক রহমানের সাথে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
বিশেষ সংবাদদাতা জানান, বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
গতকাল শুক্রবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
গত ৭ জানুয়ারি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন। এরপরেই তার সাথে সাক্ষাৎ করতে আসলেন পাকিস্তানের হাইকমিশনার।
জার্মানি রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাদা আলাদাভাবে সাক্ষাৎ করেছেন জার্মানি রাষ্ট্রদূত রুডিগার লোটজ এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।
গতকাল শুক্রবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমে জার্মানির রাষ্ট্রদূত এবং পরে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের এই সাক্ষাৎ হয়।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এই সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।