রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে লাইনের পাশে ট্রাক
Printed Edition
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই একটি ট্রাক রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনের পাশে পড়ে যাওয়ায় প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে ট্রাকটি সরিয়ে নেয়ার পর সোমবার বেলা ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে যশোরের নওয়াপাড়া থেকে মানিকগঞ্জগামী সারবোঝাই ট্রাকটি বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনের পাশে পড়ে যায়। ঘটনায় কেউ হতাহত হননি।
খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় ট্রাকটি সরিয়ে নেয়ার পর রেললাইন পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচলের অনুমতি দেয়া হয়।
এর ফলে প্রায় ছয় ঘণ্টা পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।