নরওয়ের ক্লাবের কাছে বধ ইন্টার মিলান

Printed Edition

ক্রীড়া ডেস্ক

জুভেন্টাস-আটালান্টার পর এবার ধরাশায়ী ইন্টার মিলান। দুর্দশা পেয়ে বসেছে ইতালিয়ান সিরি ‘আ’র ক্লাবগুলোকে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠার লড়াইয়ে প্লে অফের প্রথম লেগে জুভেন্টাসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল তুরস্কের ক্লাব গ্যালাতাসারাই। আর আটালান্টাকে ২-০তে হারিয়েছিল জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। এবার ইন্টার মিলানকে বধ হয়েছে নরওয়ের ক্লাব বুদো/গ্লিমিটের কাছে। সিরি ‘আ’র পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের দলটিকে গত পরশু ৩-১ ব্যবধানে হারিয়েছে নরওয়ের অখ্যাত এই ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম খেলতে এসেছে বুদো/গ্লিমিট। প্রথমবার খেলতে এসেই চমকের পর চমক দেখাচ্ছে নরওয়ের ফুটবল লিগ এলিটেসেরিয়ানের মৌসুমে ২০২০, ২০২১, ২০২৩ ও ২০২৪- এই চারবার চ্যাম্পিয়নরা। লিগ পর্বের শেষ দুই ম্যাচের প্রথমটিতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিকে ৩-১ ব্যবধানে হারানোর পর স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষেও ২-১ গোলে জিতেছিল যে চমক শুরু করেছিল, বুদো/গ্লিমিট তা অব্যাহত রেখেছে শেষ ষোলোয় উঠার লড়াইয়েও।

এ দিন চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে ৬ গোলের থ্রিলারে ক্লাব ব্রুজকে হারাতে পারল না অ্যাথলেটিকো মাদ্রিদ। শেষ মুহূর্তের নাটকীয় গোলে মাদ্রিদের দলটির সাথে ৩-৩ গোলে ড্র করেছে তারা। আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকেকে নিয়ে ছেলেখেলা করেছে নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৫বার বল পাঠায় দ্য ম্যাগপাইরা। সব মিলে ৬-১ ব্যবধানে জয়। এর মধ্যে হ্যাটট্রিকসহ ৪টি গোল ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের। এদিন গ্রিসের দল অলিম্পিয়াকোস এফসিকে প্রথম লেগে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে এগিয়ে গেল জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন।